জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, “জামাত-শিবিরের পলিটিক্স এই অঞ্চলের মানুষের জন্য ফিজিবল বা পজিটিভ না।” তার এই বক্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
এমপি আল আমিনের বক্তব্যের জের ধরে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাকির হোসাইন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কড়া প্রতিক্রিয়া জানান। এক কমেন্টে তিনি গ্রামের একটি প্রচলিত প্রবাদ টেনে লেখেন, “কার উছিলায় ফিন্নি খাইলা মোল্লা চিনোনা।” তিনি আরও যোগ করেন, “মেম্বারি পাস করার মুরাদ নাই। যাদের ভোটে এমপি হয়েছে এখন তাকেই চিনেনা।”
এই মন্তব্যের বিষয়ে এমপি আবদুল্লাহ আল আমিনের মতামত জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন তার রাজনৈতিক সচিব সাদ আহম্মেদ। তিনি বিতর্ক নাকচ করে দিয়ে বলেন, “বক্তব্যটি এভাবে বলা হয়নি। এটি একটি প্রোগ্রামের বক্তব্য হলেও এর আগে-পরে আরও কথা রয়েছে। বিভ্রান্তি এড়াতে পুরো বক্তব্যটি সবার শোনা উচিত।”

