নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক আবু ইউসুফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সভাপতি জুয়েল আরমানকে বহিষ্কার এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গঠনের মাত্র চার মাসের মাথায় কমিটি বিলুপ্ত করল সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত জাতীয়তাবাদী কৃষকদলের নারায়ণগঞ্জ জেলার অধীন ফতুল্লা থানা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তবে কমিটি বিলুপ্তির সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
এর আগে গত ২৫ জুলাই ফতুল্লা ডিআইটি মাঠে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া কমিটি ঘোষণা করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ওই কমিটিতে জুয়েল আরমানকে সভাপতি, সুমন আহমেদকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইব্রাহিমকে সিনিয়র সহসভাপতি করা হয়। এ ছাড়া সহসভাপতি পদে মুসলিম উদ্দিন মুসা ও সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইয়ুব খান আরিফ এবং সাংগঠনিক সম্পাদক পদে কাউসারুল আলম ও জহিরুল ইসলাম রবিন দায়িত্ব পান।
এরও আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর জুয়েল আরমানকে আহ্বায়ক ও সুমন আহমেদকে সদস্যসচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে ইব্রাহিম ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
এদিকে, গত ১৭ নভেম্বর ফতুল্লায় বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে আবু ইউসুফ (২৫) নামে এক গাড়িচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই দিন দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি অপহরণ মামলার শুনানি শেষে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে কৃষকদল নেতা জুয়েল আরমানসহ কয়েকজন আহত হন।
এর জেরে রাতে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে জুয়েল আরমান ও তাঁর লোকজনের বিরুদ্ধে। পুলিশের তথ্য অনুযায়ী, হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার পরদিন ১৮ নভেম্বর দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে জুয়েল আরমানকে কৃষকদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিমের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও সম্প্রতি বিতর্ক তৈরি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগসংশ্লিষ্ট নেতাদের সঙ্গে তাঁর উপস্থিতির ছবি প্রকাশ পায়। এ ছাড়া ইব্রাহিমের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা, অতীতে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া এবং মাদক কারবারিদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে সভাপতি জুয়েল আরমানকে বহিষ্কারের পাঁচ দিনের মাথায় পুরো ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত করা হলো।

