রিপোর্ট:
নারায়ণগঞ্জের সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র্যাব। এ সময় নারীসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম এবং পশ্চিম মাসদাইরের বাসিন্দা রাসেল। এছাড়া ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয় ছিল। তারা রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করত। এ অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

