সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক হত্যা মামলাসহ ডজনখানেক মামলার আসামি সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সিরাজুল ইসলাম মন্ডল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে ধারণা করা হলেও সম্প্রতি এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, সিরাজুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অন্তত পাঁচটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি মামলার তথ্য যাচাই করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি তার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিরাজুল ইসলাম মন্ডল একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

