কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ ইস্যুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কিছু সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আলটিমেটাম দিয়েছে জেলার কওমি মাদ্রাসাগুলো। দাবি আদায় না হলে সম্মিলিতভাবে চামড়া সংগ্রহ বর্জনের ঘোষণা দিয়েছেন মাদ্রাসা পরিচালকেরা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের আমলাপাড়া মাদ্রাসা মিলনায়তনে এ বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোর মুহতামিম ও আলেমরা অংশ নেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসাগুলোকে জানানো হয়েছে যে, কোরবানির চামড়া সংগ্রহের পর নিজ দায়িত্বে লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে এবং ঈদের দিন রাতে নারায়ণগঞ্জ থেকে চামড়া বহনকারী কোনো গাড়ি সাইনবোর্ড এলাকা পার হতে দেওয়া হবে না।
বেফাক নেতৃবৃন্দ এসব সিদ্ধান্তকে “অযৌক্তিক ও চাপিয়ে দেওয়া” উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে নারায়ণগঞ্জ জেলার কওমি মাদ্রাসাগুলো সম্মিলিতভাবে চামড়া সংগ্রহ কার্যক্রম বর্জন করবে।
সভা থেকে জেলা প্রশাসনের প্রতি চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
১. মাদ্রাসাগুলোকে বাধ্যতামূলকভাবে লবণ দিয়ে চামড়া সংরক্ষণে বাধ্য করা যাবে না।
২. সাইনবোর্ড কিংবা ঢাকার প্রবেশমুখে নারায়ণগঞ্জের চামড়া বহনকারী যানবাহন আটকে দেওয়া যাবে না।
৩. কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
৪. চামড়া সংগ্রহের সময় মাদ্রাসা শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে জেলার সব কওমি মাদ্রাসা সম্মিলিতভাবে চামড়া সংগ্রহ থেকে বিরত থাকবে।
নারায়ণগঞ্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাজীপাড়া মাদ্রাসার মুহতামিম ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, কাশীপুর মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর কাসেমী, রূপগঞ্জ উলামা নগর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফিজুল ইসলাম, দেওভোগ মাদ্রাসার শাইখে সানী মাওলানা আব্দুর রহমান কাসেমী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, রূপগঞ্জ দারুল কোরআনের মুহতামিম মাওলানা বদরুল আলম সিলেটী, ভূইগড় দাওয়াতুল কোরআনের মুহতামিম মাওলানা মামুনুর রশীদ, বাগে জান্নাত মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রহীম, পাইনাদী মাদ্রাসার মুহতামিম মাওলানা দীন ইসলাম, সোনারগাঁও মাদরাসাতুশ শরফের মুহতামিম মাওলানা উবাইদুল কাদের নদভী, ইসদাইর কারিমিয়া মাদ্রাসার মুফতি মুসা কাসেমী, তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি শেখ শাব্বীর আহমাদ, মক্কীনগর মাদ্রাসার মাওলানা জাফর আল হুসাইন, বায়তুল হিদায়ার মুহতামিম মুফতি আব্দুল গনী, আড়াইহাজারের মাওলানা আইয়ুব ও বন্দরের মাওলানা শাহজালালসহ আরও অনেকে।
বার্তাটি পাঠান মুফতি শেখ শাব্বীর আহমাদ, মিডিয়া সমন্বয়কারী ও মুহতামিম, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসা, পশ্চিম দেওভোগ, নারায়ণগঞ্জ।

