রামিসাসহ সকল ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও রোড শো করেছে তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন।
সংগঠটির তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সিয়াম সরকারের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি তাইরান আবাবিল রোজা, কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, সদস্য আবু তালহা, সিদ্ধিরগঞ্জ শাখার আহ্বায়ক শাহীন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মৌমিতা নূর এবং নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও অপূর্ব রায়।
জেলা কমিটির সহসভাপতি তাইরান আবাবিল রোজা বক্তব্যে বলেন, দেশে সংঘটিত অধিকাংশ ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা জামিনে বের হয়ে আসায় তাদের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে না। তিনি বলেন, ধর্ষকদের রক্ষা করে এমন আইনি দুর্বলতাগুলো দ্রুত সংশোধন করতে হবে।
কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধ বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে। প্রতিটি ঘটনার দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
কর্মসূচি শেষে বক্তারা রামিসা ও সকল নিপীড়িত নারীর প্রতি সংহতি জানান এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।

