রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত ‘ওয়ান রান’ হাফ ম্যারাথন। দেশের অন্যতম বড় এই রানিং আয়োজনে ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন ক্যাটাগরিতে দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন।
নতুন ও অভিজ্ঞ দুই ধরনের রানারদের জন্য উন্মুক্ত এই আয়োজনে অংশ নেয় নারায়ণগঞ্জভিত্তিক রানিং কমিউনিটি “রান নারায়ণগঞ্জ”। কমিউনিটির পক্ষ থেকে প্রায় ১০ জন দৌড়বিদ অংশগ্রহণ করে সফলভাবে ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে রান সম্পন্ন করেন।
হাতিরঝিলের মনোরম পরিবেশজুড়ে নির্ধারিত রুটে পুলিশ প্লাজা, রামপুরা ব্রিজ, লেক রোড ও এফডিসিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দৌড় সম্পন্ন হয়। দৌড়ের শুরু, সমাপ্তি ও ফ্যান জোন ছিল হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার এলাকায়।
দৌড় শেষে সকাল ৯টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা ও যুব আইকন জাইমা রহমানসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।
রান নারায়ণগঞ্জের অংশগ্রহণকারী দৌড়বিদরা বলেন, “এ ধরনের আয়োজন তরুণদের স্বাস্থ্য সচেতনতা ও ইতিবাচক জীবনধারার প্রতি আগ্রহ বাড়ায়। নারায়ণগঞ্জ থেকেও এখন অনেকেই নিয়মিত রানিং ও ফিটনেস কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা খুবই ইতিবাচক দিক।”
আরেক অংশগ্রহণকারী বলেন, “আজকের আবহাওয়া কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তারপরও সবার মধ্যে দারুণ উদ্দীপনা ছিল। ফিনিশ লাইন অতিক্রম করার অনুভূতিটা সত্যিই অসাধারণ।”
রান নারায়ণগঞ্জ কমিউনিটির সদস্যরা ভবিষ্যতেও দেশের বিভিন্ন ম্যারাথন ও রানিং ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

