নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন। ঈদুল আজহা উপলক্ষে এবারও শহীদদের নামে কুরবানির পশু কিনে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
জানা গেছে, গত বছরের রোজার ঈদে ফতুল্লার শহীদ মাবরুর হাসান রাব্বির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তার মায়ের আবেগঘন কথায় অনুপ্রাণিত হন আব্দুল্লাহ আল আমীন। রাব্বির মা তখন জানিয়েছিলেন, আগের বছর তাদের পরিবার কুরবানি দিতে পারেনি। তখন রাব্বি মাকে বলেছিলেন, “মা, চিন্তা কইরো না। আগামী বছর আমি ইনকাম করে তোমাকে কুরবানি দেয়াবো।” কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই রাব্বিই দেশের জন্য জীবন উৎসর্গ করেন।
সেই স্মৃতি থেকেই শহীদের স্বপ্ন পূরণের উদ্যোগ নেন এমপি আব্দুল্লাহ আল আমীন। গত বছর নারায়ণগঞ্জে বসবাসরত ২২টি শহীদ পরিবারের জন্য ২২টি খাসি কিনে পৌঁছে দেয়া হয়, যাতে তারা তাদের শহীদ স্বজনের নামে কুরবানি দিতে পারেন।
এবার সেই উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর নারায়ণগঞ্জে বসবাসরত ২৪ জন শহীদের পরিবারের কাছে কুরবানির পশু পৌঁছে দেয়া হবে।
ইতোমধ্যে পশু ক্রয় সম্পন্ন হয়েছে। ছোট ছোট টিমে বিভক্ত হয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সন্ধ্যার মধ্যে জেলার বিভিন্ন থানায় গিয়ে শহীদ পরিবারের হাতে কুরবানির পশু তুলে দেবেন।
এ উদ্যোগে শহীদ পরিবারের সদস্যরা গভীর আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা জানিয়েছেন, সন্তানহারা বাবা-মা এবং পিতা-মাতাহারা সন্তানদের মুখে হাসি ফোটাতে পারাটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এ বিষয়ে এমপি আব্দুল্লাহ আল আমীন বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাওয়ার পাশাপাশি পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি এই মানবিক উদ্যোগে আর্থিক ও শারীরিকভাবে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

