নারায়ণগঞ্জ, ৮ জুন: বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (৮ জুন) দুপুর ১২টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী এবং জেলা সহসভাপতি ইউশা ইসলাম।
বক্তারা বলেন, দেশে চলমান মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, তখন বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করবে। তারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অস্বচ্ছ চুক্তির দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
জেলা সহসভাপতি ইউশা ইসলাম বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা হিসেবে উন্নত সেবার কথা বলা হলেও দেশের বিভিন্ন অঞ্চলে এখনও ঘনঘন লোডশেডিং হচ্ছে। তিনি বিদ্যুৎ খাতে জবাবদিহিতা নিশ্চিত করে স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সেবা প্রদানের দাবি জানান।
সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। একই সঙ্গে শিল্প ও উৎপাদন খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি জনগণের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক নীতি গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, তোলারাম কলেজ শাখার সদস্য জাহিদ, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক মো. সোহাগসহ বিভিন্ন শাখা ও অঞ্চলের নেতাকর্মীরা।

