কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নারায়ণগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।
সেনা মোতায়েনের আওতায় থাকা এলাকাগুলো হলো ঢাকা মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

