নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম (সাবেক ফতুল্লা স্টেডিয়াম) সংস্কার ও উন্নয়নে সরকারের পরিকল্পনার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তিনি জানতে চান, জরাজীর্ণ ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এবং থাকলে তার বিস্তারিত কী।
জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা মো. আমিনুল হক জানান, “শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জের অধিকতর উন্নয়ন” শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্টেডিয়ামের অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি ফতুল্লার এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের এ উদ্যোগকে ফতুল্লা ও নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। দীর্ঘদিন ধরে অবহেলিত স্টেডিয়ামটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সম্ভাবনাও নতুন করে উজ্জ্বল হবে বলে সংশ্লিষ্টদের আশা।

