ফুটবলের মাঠে ৯৮ ব্যাচের পুনর্মিলন, ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এ চ্যাম্পিয়ন আদর্শ স্কুল
নারায়ণগঞ্জের ১৯৯৮ সালের এইচএসসি ব্যাচের উদ্যোগে আয়োজিত ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ–সিজন-১’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে এ আয়োজন পরিণত হয় পুরোনো বন্ধুদের প্রাণবন্ত পুনর্মিলনী ও মিলনমেলায়।
শুক্রবার ফতুল্লার জালকুড়ির স্পোর্টস অ্যারেনায় দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ বার একাডেমি, গণ-বিদ্যা নিকেতন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এবং চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়।
টুর্নামেন্টে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০টি গ্রুপ পর্বের ম্যাচ, দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল ম্যাচ ছিল। প্রতিটি ম্যাচেই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের ব্যাপক উপস্থিতি।
প্রথম সেমিফাইনালে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় ২-১ গোলে চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আদর্শ স্কুল ১-০ গোলে হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আদর্শ স্কুল ২-০ গোলে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
আয়োজনের নেপথ্যে ছিলেন এম কে হাসান বিপু, মেজবাউল হক মারুফ, শিপলু সিনহা, রতন হোসেন, সুমন ভুইয়া, সমীর সাহাসহ ১৯৯৮ ব্যাচের একদল উদ্যমী বন্ধু।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি ১৯৯৮ সালের ব্যাচের বন্ধুদের পুনর্মিলনের সুযোগ সৃষ্টি করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। মাঠের প্রতিযোগিতার পাশাপাশি স্মৃতিচারণ, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পুরো আয়োজনকে এক অনন্য মিলনমেলায় পরিণত করে।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রসারের পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

