নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের চার সদস্য। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় পরিবারটি সুখে-শান্তিতে বসবাস করছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে দুই ছেলে প্রশান্ত চন্দ্র সাহা ও শুভ চন্দ্র সাহাকে নিয়ে বসবাস করতেন চন্দ্র শেখর সাহা ও মায়া রানী সাহা দম্পতি। পরিবারের চার সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর চন্দ্র শেখর সাহার নাম রাখা হয়েছে মো. আব্দুর রহমান, তাঁর স্ত্রীর নাম মরিয়ম বেগম এবং দুই ছেলের নাম মো. শাফায়াত আহমেদ ও সাখাওয়াত আহমেদ।
পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে আব্দুর রহমান জানান, প্রথমে ছোট ছেলে শুভ চন্দ্র সাহা ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রায় এক মাস পর তিনি বিষয়টি জানতে পারেন। এ নিয়ে ছেলের সঙ্গে রাগারাগি করলেও হিন্দুধর্ম বিষয়ে ছেলের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেননি। কয়েক দিন পর তাঁর স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি ও বড় ছেলে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। এরপর পরিবারের সবাই নারায়ণগঞ্জ আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় হলফনামা সম্পাদন করে নাম পরিবর্তন করেন।
আব্দুর রহমান আরও বলেন, ইসলাম ধর্ম গ্রহণের পর এলাকার লোকজন তাঁদের সর্বাত্মক সহযোগিতা করছেন। আগে তিনি কাঁচা তরিতরকারির ব্যবসা করতেন। পরে এলাকাবাসী তাঁকে একটি অটোরিকশা কিনে দেন। বর্তমানে অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে সুখে-শান্তিতে আছেন।
মরিয়ম বেগম জানান, ছোট ছেলে ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর কাছে কারণ জানতে চান। ছেলের কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা শুনে তিনি ড. জাকির নায়েকের বয়ানের ভিডিও দেখেন। ইসলাম শান্তির ধর্ম—এ বিশ্বাস অর্জনের পর তিনি ইসলাম গ্রহণ করেন। পরে তাঁর স্বামী ও বড় ছেলেও একই সিদ্ধান্ত নেন।
পরিবারের ছোট ছেলে সাখাওয়াত আহমেদ বলেন, ছোটবেলা থেকেই মুসলমান বন্ধুদের সঙ্গে চলাফেরা করতেন। তাঁদের আচার-আচরণ ও ইসলাম ধর্মের চর্চা তাঁকে মুগ্ধ করে। এ কারণে তিনি হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে বাবা-মা জানতে পারেন। তাঁদের সঙ্গে আলোচনা ও বোঝানোর একপর্যায়ে মা ইসলাম গ্রহণ করেন। পরে বাবা ও বড় ভাইও একই সিদ্ধান্ত নেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, পরিবারটি ইসলাম গ্রহণের বিষয়টি জানার পর এলাকাবাসী মিলে তাঁদের জীবিকা নির্বাহের জন্য একটি অটোরিকশা কিনে দেন। পাশাপাশি যেকোনো সমস্যায় সহযোগিতা ও নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রতিবেশী মোহাম্মদ হোসেন বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করায় এলাকার সবাই পরিবারটির প্রতি আন্তরিক। তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে এবং জীবিকা নির্বাহে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

