নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকার ঈদগাহ সড়কের সামনে দীর্ঘদিন ধরে সড়কবাতি (স্ট্রিট লাইট) বন্ধ থাকায় সন্ধ্যার পর পুরো এলাকাজুড়ে নেমে আসে ঘন অন্ধকার। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও কর্মজীবী মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাত হলেই অন্ধকারের সুযোগ নিয়ে এলাকায় ছিনতাইকারী ও দুর্বৃত্তদের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে কর্মস্থল থেকে ফেরার সময় নারী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। অনেকেই ভয়ে প্রয়োজন ছাড়া রাতে ওই সড়ক ব্যবহার করতে চান না।
বাসিন্দারা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত সড়কবাতি মেরামতের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রতিদিনই আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত নষ্ট সড়কবাতিগুলো মেরামত করে নিয়মিত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হোক। পাশাপাশি রাতের বেলায় পুলিশের টহল জোরদার করলে ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে তাদের বিশ্বাস।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

