মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, মসজিদ পরিচালনার দায়িত্ব স্থানীয় বাসিন্দা, নিয়মিত মুসল্লী এবং প্রতিষ্ঠালগ্ন থেকে যারা মসজিদের খেদমত করে আসছেন, তাদের হাতেই থাকা উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি মসজিদ ও স্কুলের পরিচালনা কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া প্রয়োজন। কোনো রাজনৈতিক দল, তা এনসিপি, বিএনপি, জামায়াত বা অন্য যে দলই হোক না কেন, মসজিদ পরিচালনায় তাদের প্রভাব থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, মসজিদ কমিটির সভাপতি এমন ব্যক্তিকে হওয়া উচিত, যিনি প্রয়োজন হলে ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখেন। এর মাধ্যমে মসজিদের ধর্মীয় মর্যাদা ও স্বকীয়তা বজায় থাকবে।
মো. জহিরুল ইসলাম বলেন, “আমার এলাকা কিংবা আমার অঞ্চলে আমি যে কোনো মূল্যে এই বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করব। আপনারাও নিজ নিজ এলাকার দায়িত্ব নিন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত মসজিদ ও স্কুল কমিটি গঠনে ভূমিকা রাখুন।”
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

