গণভোটে প্রদত্ত জনরায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, ৫ আগস্টের আগেই গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক গড়িমসি করে জনগণের রায় উপেক্ষা করা হলে তা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৩ জুলাই) বিকেলে শহরের হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে “গণভোটের গণরায়: জাতীয় ঐক্য ও নতুন বাংলাদেশের অভিযাত্রা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ জেলা এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মমিনুল হক সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান ও সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণকারী অনেকেই আজ জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। গণভোটের গণরায় বাস্তবায়নে রাজনৈতিক গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে এবং আহত ও বিদেশে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা মমিনুল হক সরকার বলেন, জুলাই বিপ্লব ও গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়ে সরকারের অনীহা জনগণের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা। আলোচনায় অংশ নেন জেলা কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক এমপি প্রার্থী অধ্যাপক ইলিয়াস, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বাকী, মহানগর কর্মপরিষদ সদস্য হাফেজ মমিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নিজামউদ্দিন, নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, নারায়ণগঞ্জ জেলা এনপিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার।
বক্তারা বলেন, অতীতে ক্ষমতায় এসে বিভিন্ন সরকার স্বৈরতান্ত্রিক আচরণ করেছে। তারা দাবি করেন, ২০২৬ সালের গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ কার্যকর করতে আর বিলম্ব করা উচিত নয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ ইমরান হোসাইন।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। সেখানে দাবি করা হয়, জুলাই বিপ্লব ছিল জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার স্বাভাবিক পরিণতি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে প্রদত্ত জনরায় বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া অতীতে অনুষ্ঠিত গণভোটগুলোর ফল রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের নজির তুলে ধরে ২০২৬ সালের গণভোটের রায়ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন খাতে প্রস্তাবিত সংস্কার দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

