নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে অশালীন ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে গর্হিত ভাষায় হুমকি দেওয়ার অভিযোগসংবলিত সাহেদ আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসার পর তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় যখন জাতীয়তাবাদী যুবদল ব্যস্ত, ঠিক সেই সময়ে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা অত্যন্ত দুঃখজনক এবং সংগঠনের ভাবমূর্তির জন্য বিব্রতকর।
নোটিশে আরও বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও সুনাম ক্ষুণ্নকারী এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে হবে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত শোকজ নোটিশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

