“জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ বিনির্মাণে জনগণের প্রতি আহ্বান” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ধর্মগঞ্জ চটলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতনগর ইউনিয়ন (ফতুল্লা পশ্চিম থানা) শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
এনায়েতনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মঈনউদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আব্দুল মোমিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের সম্পদ লুটপাটকারীদের দেশ ছাড়তে বাধ্য করেছে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, বিগত সরকার জনগণের কল্যাণে বরাদ্দকৃত সম্পদ জনগণের জন্য ব্যয় না করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছে। দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের কারণেই ২০২৪ সালের জুলাইয়ে দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল।
তিনি বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ এতটাই প্রবল ছিল যে, তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।
ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ এমন নেতা চায়, যারা ভোগবিলাসে মত্ত হবেন না, জনগণের আমানতের খেয়ানত করবেন না এবং শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন। নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত নেতার পরিচয়।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যারা আন্দোলনের সময় নিজেদের নিরাপত্তার জন্য দেশ-বিদেশে পালিয়ে গিয়েছিল, তারা এখন আবার ‘মলম বিক্রেতাদের’ মতো আকর্ষণীয় কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব নতুন প্রতারণা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে বন্ধ করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইউনুছ মিয়ার সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জামায়াত ও শিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

