অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ
নারায়ণগঞ্জের বন্দরের বুরুন্দী এলাকায় অবস্থিত আসলাম বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একই রান্নাঘরে গরু জবাইয়েরও প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় রেস্টুরেন্টটির রান্নাঘর পরিদর্শন করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের চিত্র দেখা যায়। একই স্থানে গরু জবাইয়ের বিষয়টিও নিশ্চিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

