নারায়ণগঞ্জের বন্দরে চুরি হওয়া একটি প্রাইভেটকার দীর্ঘ চার মাস পর সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা প্রাইভেটকার চোরচক্রের সদস্য শামীম (৬১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত টয়োটা প্রাইভেটকারটি উদ্ধার এবং শামীমকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার হাউজিং রোড ফকিরবাড়ী এলাকার মোক্তার মিয়া (৪০), একই থানার সিআইখোলা রনি সিটি এলাকার আনিসুর রহমানের ছেলে অনিক (২১), হাউজিং রোড ফকিরবাড়ী এলাকার সালমান (৩০), সোনারগাঁ থানার অলিপুর এলাকার আমানুল্লাহ মিয়ার ছেলে আবুল হাসান (৩০) এবং গ্রেপ্তার হওয়া শামীম, যিনি সিদ্ধিরগঞ্জ থানার ২৮৭/১ গোদনাইল রোড এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল রাতে বন্দরের সোমবাড়িয়া বাজার এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা ব্যবসায়ী মোহাম্মদ লিটন মিয়ার ব্যবহৃত টয়োটা প্রাইভেটকারটি চুরি হয়। ঘটনার পর বন্দর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দীর্ঘদিন তদন্ত ও অনুসন্ধান চালায়।
একপর্যায়ে ভুক্তভোগীর স্বজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জের হাউজিং রোড এলাকা থেকে চোরাইকৃত গাড়িটি উদ্ধার এবং শামীমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শামীমসহ মোট পাঁচজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

