সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে আয়োজন করা হবে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’। আগামী দুই মাসের মধ্যে এ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
শনিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জ চেস একাডেমি আয়োজিত ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজন করা হবে। আগামী দুই মাসের মধ্যেই প্রতিযোগিতাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্মসম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।
এর আগে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে দুই দিনব্যাপী নারায়ণগঞ্জ চেস একাডেমি ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল শনিবার ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে দুর্দান্ত পারফরম্যান্স করে পাঁচ রাউন্ডে পূর্ণ ৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হন।
৩.৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার রানারআপ হয়েছেন। একই পয়েন্ট অর্জন করে ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী তৃতীয় এবং মুহতাদী তাজওয়ার নাশিদ চতুর্থ স্থান অর্জন করেন।
পাঁচ রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত এ আন্তর্জাতিক রেটিং প্রতিযোগিতায় ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ২০ জন দাবাড়ু অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সফল আয়োজনের পাশাপাশি ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণায় নারায়ণগঞ্জের দাবা অঙ্গনে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের দাবা আয়োজনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

