অবিলম্বে উৎসব ও বন্ধন পরিবহনের বাস অন্যত্র সরানোর দাবি ছাত্র ফেডারেশনের
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেট এলাকায় রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের বাস অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা। সংগঠনটির দাবি, সড়কে বাস দাঁড়িয়ে থাকায় নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার।
বিবৃতিতে তারা বলেন, নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম ২ নম্বর গেট এলাকায় রাস্তার ওপর যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তারা আরও বলেন, সড়কে বাস দাঁড়িয়ে থাকার কারণে শুধু শিক্ষার্থীরাই নয়, জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ মানুষকেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও এর স্থায়ী সমাধানে স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, শুধু সাময়িকভাবে রাস্তা পরিষ্কার করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। ২ নম্বর গেট এলাকার যানজট ও জনদুর্ভোগ স্থায়ীভাবে কমাতে হলে বাস দাঁড়ানোর স্থান বা বাস টার্মিনাল অন্যত্র স্থায়ীভাবে স্থানান্তর করতে হবে।
তারা বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও নগরবাসীর স্বাভাবিক যাতায়াত কোনোভাবেই অবহেলার বিষয় হতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা বাসগুলো অন্যত্র সরিয়ে ২ নম্বর গেট এলাকার যানজট নিরসনে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নিতে হবে।”
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

