দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বহিষ্কারের আগে কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম তাকে ফোন করেন বলে জানিয়েছেন আলামিন ইকবাল। পরে বিষয়টি নিয়ে কথা হলে আলামিন ইকবাল বলেন, দপ্তর সম্পাদক তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ জানতে চান।
আলামিন ইকবালের ভাষ্য, জবাবে তিনি বলেন, “আমি সবসময় সত্য কথা বলি, সত্য কথা বলে যাব। এতে যদি আমাকে বহিষ্কার করেন, আমার কোনো আপত্তি নেই। আমি সামাজিক মানুষ। আমি সবসময় সমাজের মানুষের পক্ষে সত্য কথা বলি।”
তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরেই তিনি ফেসবুকে ওই পোস্ট করেছিলেন। জনস্বার্থে সত্য কথা বলা থেকে ভবিষ্যতেও পিছিয়ে যাবেন না বলেও জানান তিনি।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ৩১ আগস্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে আলামিন ইকবালকে বহিষ্কারের কথা জানানো হয়।

