নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত র্যালিতে পুলিশের গুলিতে নিহত শহীদ শাওনের শাহাদাৎবার্ষিকীতে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এ সময় তিনি শহীদ শাওনের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে শাওনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।
কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা শওকত খন্দকার, রানা মুন্সি, রাসেল আহমেদ মনির, মো. মিঠু, কুতুবউদ্দিন, নাহিদ পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।

শহীদ শাওনের স্মৃতিচারণ করে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “শাওনের কাছে আমরা ঋণী। শাওনের মতো নেতাকর্মীদের আত্মত্যাগের ফলেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাদের ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, শহীদ শাওনের পরিবারের পাশে থাকার দায়িত্ব শুধু একটি দলের নয়; তার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিবারের পাশে দাঁড়াতে হবে।

