নারায়ণগঞ্জের চাষাড়ায় চাঞ্চল্যকর শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে গুলিবিদ্ধ ও চাকুর আঘাতে রক্তাক্ত অবস্থায় শুভ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানানো হয়, অনিক ও সুমন শুভকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী হত্যার দিন ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে ব্যবহার করে তাকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।
পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল শুভর ওপর হামলা চালায়। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করে এবং দলের অন্য সদস্যরা চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে—মো. সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১) ও মো. সোহান (২৪)।
গ্রেফতার তিনজনের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

