উৎসব ও বন্ধনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র ফেডারেশনের
নারায়ণগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ২০২৬:
ঢাকা নারায়ণগঞ্জ রুটে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনে ৬০ টাকা ভাড়া আদায়ের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা। একই সঙ্গে সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, নারায়ণগঞ্জের লাখো যাত্রীকে জিম্মি করে তাদের পকেট কেটে নিজেদের পকেট ভারী করাই পরিবহন মালিকদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রায় পাঁচ ঘণ্টার দীর্ঘ বৈঠকে ছাত্র ও সাধারণ যাত্রীদের পক্ষ থেকে যথেষ্ট ছাড় দেওয়া হয়েছিল। সাধারণ যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা এবং সাধারণ যাত্রীদের ভাড়া ৫৮ টাকা করার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। সাধারণ যাত্রীদের ৫৮ টাকা ভাড়ায় বাস মালিকরা রাজি হলেও শিক্ষার্থীদের ৩৪ টাকার প্রস্তাব তারা মেনে নেয়নি। তারা ৩৫ টাকা ভাড়া আদায়ের দাবিতে অনড় থাকে।
তাহমিদ আনোয়ারের অভিযোগ, দীর্ঘ আলোচনার পরও গত ২৯ সেপ্টেম্বর সকাল থেকে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহন কর্তৃপক্ষ পুনরায় ৬০ টাকা ভাড়া আদায় শুরু করে। এতে আলোচনার সিদ্ধান্ত ও সাধারণ যাত্রীদের দাবিকে উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, “গণপরিবহন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত রাজত্ব হতে পারে না। সাধারণ মানুষের ওপর জোর করে বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়ার এই প্রবণতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তাহমিদ আনোয়ার বলেন, তাদের চূড়ান্ত দাবি হলো ঢাকা নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা ভাড়া নির্ধারণ করতে হবে। এর বেশি ভাড়া আদায় বন্ধ না হলে নারায়ণগঞ্জের ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, “উৎসব ও বন্ধন পরিবহনের এই ভাড়া নৈরাজ্য বন্ধ করে নির্ধারিত ভাড়া কার্যকর করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ ও সাধারণ যাত্রীরা রাজপথে নামতে বাধ্য হবে।”

