রোববার পর্যন্ত ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপাতত বাসভাড়া বাড়ছে না। আগামী রোববার পর্যন্ত বর্তমান ভাড়াই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে বাস মালিক ও পুলিশের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।
বাসভাড়া বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ধারাবাহিক আন্দোলনের মধ্যে এই সিদ্ধান্তকে সংগঠনটি নারায়ণগঞ্জের ছাত্র-জনতার প্রাথমিক বিজয় হিসেবে দেখছে।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, আপাতত সাধারণ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকার বেশি ভাড়া না দিতে।
তবে সংগঠনটি সাধারণ যাত্রীদের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছে। এ দাবিতে তারা অটল থাকবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে আগামী রোববার বাস মালিক, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

