সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন, ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা
নারায়ণগঞ্জের মুসলিমনগর নয়াবাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় একটি কথিত মাদকের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেন এলাকাবাসী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুসলিমনগর নয়াবাজার এলাকায় সাত ভাই মার্কেট ও হাজী আব্দুল বারেক সুপার মার্কেট কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মাদ ইসমাইল।
আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবার ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মোমিন।
এ সময় আরও বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আবুল কাশেম, মুসলিমনগর আদর্শ পাঠাগারের সাবেক সভাপতি আব্দুল বাতেন বাদল, নয়াবাজার জামে মসজিদের সহসভাপতি মো. আলম মোল্লা, বারেক সুপার মার্কেটের সভাপতি মো. ইসমাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মুসলিমনগরকে অপরাধমুক্ত করতে পরিবার, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে “আসুন আমরা সবাই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই” স্লোগান দেওয়া হয়।
আলোচনা ও মানববন্ধন শেষে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় একটি কথিত মাদকের আস্তানা ভেঙে দেন কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসী। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এলাকাবাসী বলেন, মুসলিমনগরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করতে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাত ভাই সুপার মার্কেটের সভাপতি মো. ইমান হোসেন। সঞ্চালনা করেন ডা. মো. মফিজুল ইসলাম স্বপন।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

