অপরাধে জড়ালে ব্যবস্থা, কিশোরদের বিপথে যাওয়া ঠেকাতে পরিবারকেও সতর্ক করলেন পুলিশ সুপার
নারায়ণগঞ্জে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে জেলা পুলিশ। এসব অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম সেবা।
তিনি বলেন, কিশোর অপরাধ এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি বড় একটি সামাজিক চ্যালেঞ্জ। খারাপ সঙ্গ, মাদকের বিস্তার, পারিবারিক নজরদারির ঘাটতি ও প্রযুক্তির অপব্যবহার অনেক কিশোরকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।
পুলিশ সুপারের ভাষ্য, মাদকের সঙ্গে জড়িয়ে পড়া কিশোরদের একটি অংশ পরবর্তীতে আরও ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। তাই শুরুতেই তাদের বিপথগামী হওয়া ঠেকাতে পরিবার ও সমাজকে সক্রিয় হতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে, সেদিকে নজর রাখতে হবে। শুধু শাসন নয়, সন্তানকে সময় দেওয়া এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করাও জরুরি।
একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চলবে, অপরাধে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
নারায়ণগঞ্জকে নিরাপদ রাখতে পুলিশ, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

