মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই ছবিটি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন নারায়ণগঞ্জের বিএনপি নেতা জাকির খান।
ছবিটি শেয়ার করে জাকির খান লিখেছেন, “🇧🇩🇺🇸 যখন দুই দেশের নেতৃত্ব একসাথে আসে, তখন ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হয়। 🤝”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।
শনিবার ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির সত্যতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেকে ছবিটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ছবিটি কৃত্রিমভাবে তৈরি নয়। হোয়াইট হাউস থেকেই ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
বিতর্কের মধ্যেই রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশ করা একই ছবি শেয়ার করে। ফলে ছবিটির উৎস ও সত্যতা নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ হয়।
এরই প্রেক্ষাপটে জাকির খানের ছবিটি শেয়ার এবং তার ক্যাপশন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নজর কেড়েছে। পোস্টে তিনি দুই দেশের নেতৃত্বের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে ছবিটিকে “ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা” হিসেবে উল্লেখ করেছেন।

