শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সাতটি এলাকায় ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সব মিলিয়ে দায়িত্ব পালন করছেন ৩৫ প্লাটুন বিজিবি সদস্য।
রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১৮ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলাই এ মোতায়েনের উদ্দেশ্য।
এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি ও একুশে টেলিভিশন।

