নারায়ণগঞ্জে প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা বললেন, আইভীর সঙ্গে থাকা ও ভবিষ্যতে যারা থাকবেন, তাদেরও আইনের আওতায় আনা হবে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন এবং ‘জয় বাংলা’কে নিষিদ্ধ স্লোগান দাবি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন। তিনি আইভীকে উদ্দেশ্য করে বলেন, “আপা, আপনি মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন। বলেছেন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। আপনি জয় বাংলা স্লোগান দিয়ে পূর্বের মতো রক্ত গরম করার রাজনীতি কইরেন না। বাসায় একটু আরামে ঘুমান।”
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বক্তব্যে রেজা রিপন আরও বলেন, “আপনার বাসায় যাইনি, আপনাকে ডিস্টার্ব করিনি। আপনার সঙ্গে যারা ছিল, যারা থাকবে, তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। আপনি এমন কোনো কাজ কইরেন না, যাতে সাধারণ নেতাকর্মীরা বাসায় থাকতে না পারে।”
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আলোচনা
তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গত ১৩ অক্টোবর নিম্ন আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও আইভীর পুনরায় জামিনের বিষয়ে দিন ধার্য ছিল। শুনানির সময় তাঁর আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টিত ছিলেন আইভী। ওই সময় তিনি ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দেন। পরে একই স্লোগানে তাঁর সঙ্গে যোগ দেন উপস্থিত নেতাকর্মীরাও। স্লোগান দিতে দিতেই গাড়িতে ওঠেন সাবেক এই মেয়র। এ সময় অ্যাডভোকেট জিয়াউল হক কাজলকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে আইভীর পাশে হাঁটতে দেখা যায়।
আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার তিন
এ ঘটনার পর আইভীর আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য দুজন হলেন কাজলের ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান।
১৩ অক্টোবর রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে কাজল ও আতিকুল ইসলামকে এবং দেওভোগের পাকা রোডের গার্মেন্ট গলি থেকে অ্যাডভোকেট মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে বিএনপি নেতার বক্তব্য এবং তিনজনের গ্রেপ্তারের ঘটনা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

