সাদেককে আটক করেছে পুলিশ
হবিগঞ্জের লাখাইয়ে নিখোঁজের পাঁচদিন পর তারেক মিয়া (২২) নামে এক তরুণের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইফোন ছিনিয়ে নিতে তাকে হত্যা করার অভিযোগে প্রতিবেশী সাদেক মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে লাখাই উপজেলার ফুলবাড়িয়ার একটি জলাশয় থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি নবীগঞ্জের চৌশতপুর গ্রামের মারফত উল্যার ছেলে। গ্রেপ্তার সাদেক একই গ্রামের নানু মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার জানান, গত বৃহস্পতিবার কাজের খোঁজে তারেক ও সাদেক লাখাইয়ের ফুলবাড়িয়ায় যান। ওই রাতেই তারেককে দা’ দিয়ে কুপিয়ে হত্যা করে তার আইফোন নিয়ে পালিয়ে যান সাদেক।
পরদিন তারেকের বাবা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ তদন্ত শুরু করে পাঁচদিন পর মঙ্গলবার সাদেককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়িয়ার ওই জলাশয় থেকে তারেকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
এসআই জয়ন্ত তালুকদার আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আইফোন ছিনিয়ে নিতেই তারেককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

