জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ মহানগর কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ১ নম্বর যুগ্ম সদস্য সচিব আদনান তাহসান। গত ২৮ অক্টোবর ঘোষিত কমিটিতে তাকে এ পদে মনোনীত করা হয়।
আদনান তাহসানের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলা শুরু হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাধ্যমে। একসময় তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ সময় বন্দর থানার সাংগঠনিক কার্যক্রমের তত্ত্বাবধানের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ছাত্ররাজনীতির অভিজ্ঞতা পেরিয়ে এবার যুবসংগঠনের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো তার। জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ মহানগর কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়াকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
নতুন এ দায়িত্বে আদনান তাহসানের সামনে রয়েছে সংগঠনকে শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার চ্যালেঞ্জ। ছাত্র আন্দোলনে অর্জিত অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে তিনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
ছাত্ররাজনীতি থেকে যুবসংগঠনের নেতৃত্বে উঠে আসা আদনান তাহসানের আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

