নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজ বাড়ির অদূরেই মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক নারী। এ সময় তাঁর গলায় ছুরি ঠেকিয়ে কানের একটি দুল ছিনিয়ে নেয় দুই দুর্বৃত্ত। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লালপুর হাজী জালাল উদ্দিন রোডের পুরাতন মসজিদ-কবরস্থান গলিতে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার নারীর ছোট ছেলে স্বপন জানান, প্রতিদিনের মতো শনিবার ফজরের নামাজ আদায় শেষে লালপুর পুরাতন মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে লালপুর পুরাতন চারতলার সামনে পাশের বাড়ির এক নারীসহ মায়ের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় তাঁর মা জানান, তাঁরা নানা-নানির কবরস্থানে দোয়া পড়ে বাসায় ফিরবেন। পরে স্বপন বাড়ির উদ্দেশ্যে চলে যান।
এ সময় আফা সরদারের বাড়ির সামনে দিয়ে কবরস্থানমুখী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে যেতে দেখেন তিনি। কিছুক্ষণ পর তাঁর মা বাসায় ফিরে ভয়ার্ত অবস্থায় ছিনতাইয়ের ঘটনা জানান।
তাঁর মা জানান, পাশের বাড়ির ওই নারীর সঙ্গে কথা বলে আট-দশ কদম এগিয়ে যাওয়ার পর হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে তাঁদের অতিক্রম করে। কিছুক্ষণ পর মোটরসাইকেলটি ঘুরিয়ে তাঁদের সামনে এসে দাঁড়ায়। এ সময় পেছনে বসা ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তাঁর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল খুলে দিতে বলে। ভয়ে তিনি একটি দুল খুলে হাতে দিয়ে চিৎকার শুরু করেন। আশপাশের বাড়ির লোকজন ও পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা একটি দুল নিয়েই দ্রুত পালিয়ে যায়।
এদিকে, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে ছিনতাইকারীদের চলাচলের কিছু দৃশ্য পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ৩৮ মিনিট ৫২ সেকেন্ডে কালো রঙের একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি আফা সরদার বাড়িসংলগ্ন কবরস্থান গলিতে প্রবেশ করে। পুরাতন চারতলা অতিক্রম করে ৬টা ৩৯ মিনিট ১৮ সেকেন্ডে তাঁরা ওই নারীদের সামনে দিয়ে চলে যায়। পরে সকাল ৬টা ৪০ মিনিট ৫ সেকেন্ডে মোটরসাইকেলটি ঘুরিয়ে তাঁদের পিছু নেয়।
ফুটেজের পরবর্তী দৃশ্যে সকাল ৬টা ৪১ মিনিটে মোটরসাইকেলটি আফা সরদার বাড়ির গলি দিয়ে হাজী জালাল উদ্দিন রোডে উঠে পূর্ব দিকে রেললাইন বটতলার দিকে চলে যেতে দেখা যায়। তবে ছিনতাইয়ের ঘটনাস্থলটি সরাসরি কোনো সিসিটিভি ক্যামেরার আওতায় না থাকায় ঘটনার দৃশ্য ফুটেজে ধরা পড়েনি।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলটি নারীদের সামনে এসে থামার পর পেছনে বসা হেলমেট পরিহিত ব্যক্তি নেমে এক নারীর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে একটি দুল নিয়ে ছিনতাইকারীরা আফা সরদার বাড়ির গলি দিয়ে হাজী জালাল উদ্দিন রোডের দিকে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন তাদের পেছনে ধাওয়া করলেও আটক করতে পারেননি। পুরো ঘটনাটি মাত্র ২০ থেকে ২৫ সেকেন্ডের মধ্যে ঘটে বলে জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, এতদিন মাসদাইর, ইসদাইর, লিংক রোড ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ছিনতাইয়ের ঘটনা ঘটার কথা শুনেছেন। তবে লালপুর এলাকায় এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটেছে বলে তাঁদের দাবি।

