নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে নিজস্ব বাস সার্ভিস চালু করায় কলেজের গভর্নিং বডি ও অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
সোমবার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ, সাশ্রয়ী ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কলেজের অচল বাস সচল করা এবং নিয়মিত বাস সার্ভিস চালু করা ছিল ছাত্র ফেডারেশনের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি ও দাবি জানিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর অচল বাস দ্রুত সচল করাসহ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট চার দফা দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে ছাত্র ফেডারেশন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি এবং ছাত্র ফেডারেশনের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন ও গভর্নিং বডি দ্রুত অচল বাস সচল করে নিয়মিত বাস সার্ভিস চালুর যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে সহজ ও নিরাপদ করার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কলেজ প্রশাসন একইভাবে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি বাস সার্ভিসের সুষ্ঠু ব্যবস্থাপনা, রুট নির্ধারণ এবং সার্বিক তদারকির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা

