জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। তিনি সাবেক বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের কন্যা।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগ উত্তর অঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তার পূর্বের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের অনুমোদনক্রমে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ায় শাহীনা ইসলাম মুক্তিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
এদিকে দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে সাবেক আহ্বায়ক শওকত আলী বলেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়কের দায়িত্ব ছাড়তে হলেও নারায়ণগঞ্জের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, শাহীনা ইসলাম মুক্তির নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর এনসিপি আরও গতিশীল ও শক্তিশালী হবে।

