গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন
বাংলাদেশে গ্রামীণ ব্যাংক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ নিন্দা জানান। যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে সংবাদমাধ্যম ডেইলি ওয়াদার পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা সংযম প্রদর্শন এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত প্রকাশের আহ্বান জানাই।”
ডেইলি ওয়াদা গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান জানতে চেয়েছিল। একই সঙ্গে প্রশ্নে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ড. ইউনূসকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেছিল।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন পাঠানোর সময় পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৫০টিরও বেশি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এ ছাড়া চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়।
পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য পাওয়ার সময় গ্রামীণ ব্যাংকের অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার শাখার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের বক্তব্যে গ্রামীণ ব্যাংক কিংবা ড. ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেনি। একই সঙ্গে এসব সহিংসতার জন্য দায়ীদের সম্পর্কেও কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আর্থিক সেবা প্রদানের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে গ্রামীণ ব্যাংক। ২০০৬ সালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি পালিত হচ্ছে। এমন এক সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
সূত্র: ডেইলি ওয়াদা

