নারায়ণগঞ্জে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ কলেজের সামনে অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে কলেজসংলগ্ন সড়ক থেকে অবৈধ দোকানপাট ও হকারদের সরিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ কলেজের সামনের সড়ক দখল করে থাকা হকারদের কারণে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে শুধু যানজটই নয়, শিক্ষা পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা সিটি করপোরেশন প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
সংগঠনটির আহ্বায়ক মৌমিতা আক্তার এক বিবৃতিতে বলেন, “নারায়ণগঞ্জ কলেজ এবং নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ এই দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত। দীর্ঘদিন ধরে অবৈধ হকারদের দখলে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। আজকের এই উচ্ছেদ অভিযান শিক্ষার্থীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, “আমরা জোর দাবি জানাই, প্রশাসন যেন নিয়মিত নজরদারি অব্যাহত রাখে, যাতে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ এলাকায় পুনরায় কোনো অবৈধ দোকান বা হকার বসতে না পারে।”
এছাড়াও সংগঠনটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষার পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করবে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ বজায় রাখবে।

