বৈশাখের শুরুতেই ‘কয়লাপোড়া’ রোদের তাপে পুড়ছে দেশ, এর মধ্যেই স্বস্তির বার্তা হিসেবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এখনো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে।
এই পরিস্থিতিতে আজ শনিবার (১৮ এপ্রিল) রাতের মধ্যেই দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ নাজমুল হকের তথ্যমতে, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জসহ দেশের কয়েকটি অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জের নিকলি, ময়মনসিংহ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকাই ছিল বৃষ্টিহীন।
অন্যদিকে, একই সময়ে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

