জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানিতে অংশ নেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানি করেন।
শুনানিতে আসামিপক্ষ দাবি করে, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে এবং প্রসিকিউশন প্রাথমিক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে—এ যুক্তিতে তারা অব্যাহতি চান।
অন্যদিকে, প্রসিকিউশন এই আবেদনের বিরোধিতা করে জানায়, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ডিসচার্জ আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে ‘কথিত’ বলা হয়েছে এবং ফরমাল চার্জের বাইরে বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে—যা গ্রহণযোগ্য নয়।
উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ৫ মে আদেশের দিন নির্ধারণ করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন:
ইমতিনান ওসমান অয়ন, আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
অভিযোগের বিবরণ:
প্রসিকিউশনের তথ্যমতে—
- ১৯ জুলাই ২০২৪: চাষাড়া ও সাইনবোর্ড এলাকায় ৬ জন নিহত
- ২১ জুলাই: ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় ২ জন নিহত
- ৫ আগস্ট: আরও ২ জন নিহত
এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি এই মামলায় ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

