নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার সোনারগাঁয়ে অটোচালক হত্যা ও রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার (২০ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামে চাঁদার দাবিতে অটোরিকশাচালক আবদুল মমিনকে নৃশংসভাবে হত্যা এবং রূপগঞ্জ উপজেলার বিরাবো এলাকায় চাঁদা না দেওয়ায় একটি ব্রিক ফিল্ডে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের আহত করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়।
তিনি অভিযোগ করে বলেন, “সরকারি দলের পরিচয়ে ক্যাডারদের চাঁদাবাজি ও দখলবাজিতে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। একজন অটোচালক, যিনি কষ্ট করে পরিবারের ভরণপোষণ চালান, তাকে চাঁদার দাবিতে হত্যা করা মানবিকতাবিরোধী ঘটনা।”
রূপগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, একটি ব্রিক ফিল্ডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় সেখানে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “নারায়ণগঞ্জজুড়ে চাঁদাবাজি ও দখলবাজির মহোৎসব চলছে। এতে সাধারণ মানুষের মাঝে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।”
তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিলে জনমনে ক্ষোভ আরও বাড়বে।

