নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় ঝটিকা মিছিল ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।
গত ২৩ মে সদর মডেল থানার এক পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জেলা ও মহানগর পর্যায়ের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহারে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়েকোবাদ রুবেলসহ বিভিন্ন এলাকার মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট এক উপপরিদর্শক জানান, গত ৫ মে ভোরে শিবুমার্কেট এলাকায় ডিউটিরত অবস্থায় চাষাড়ায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের খবর পান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা দ্রুত মিছিল শেষ করে একটি মিনিবাসে করে পালিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, “এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। মিছিলে ব্যবহৃত একটি মিনিবাসও জব্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
উল্লেখ্য, গত ৫ মে ভোরে মুখে লাল কাপড় বেঁধে চাষাড়া বিজয় স্তম্ভ এলাকায় আকস্মিক মিছিল করে পালিয়ে যায় পলাতক আজমেরী ওসমানের অনুসারীরা বলে অভিযোগ ওঠে। এর পরদিন চাষাড়ার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় কয়েকজন আওয়ামী লীগ কর্মীকেও আটক করে পুলিশ।

