স্টাফ রিপোটারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ আসন্ন জাতীয় বাজেটে পথশিশুদের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন। তিনি এক প্রতিক্রিয়ায় পথশিশুদের বর্তমান করুণ অবস্থার কথা তুলে ধরে তাদের জাতীয় সম্পদে রূপান্তরের জন্য টেকসই বাজেট কাঠামোর প্রস্তাবনা দিয়েছেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ‘পথশিশুরাও আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ এবং দেশের সম্পদ। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় নানা প্রতিকূলতার কারণে তারা আজ পথের ঠিকানায় আশ্রয় নিয়েছে। রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রাস্তার ধারের নিরাপত্তাহীন পরিবেশে রাত কাটানো এসব সুবিধাবঞ্চিত শিশুর মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র আর্থিক বরাদ্দ নয়, বরং যাকাত ব্যবস্থাকে একটি টেকসই ও পূর্ণাঙ্গ রূপরেখায় এনে এই বিশাল জনগোষ্ঠীকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাজেটে বিশেষ দিকনির্দেশনা থাকা প্রয়োজন। তাদের পুনর্বাসন করা গেলে সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।’
পথশিশুদের পুনর্বাসনের ইতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বলেন, এই শিশুদের যদি মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়, তবে সমাজে ব্যাপক পরিবর্তন আসবে। এর ফলে কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল হবে।মাদকাসক্তির হার কমে আসবে।চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে।মারামারি ও রাহাজানির মতো অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হবে।সামগ্রিকভাবে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।
পরিশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পথশিশুদের অসহায়ত্ব দূর করতে এবং তাদের আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে আগামী বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ জনগণের প্রাণের দাবি।

