নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার সকালে প্রথমে রাসেল গ্রুপের লোকজন হামিদ গ্রুপের সমর্থকদের ওপর হামলা চালালে কয়েকজন আহত হন।
খবর পেয়ে হামিদ গ্রুপের সমর্থকরা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

