নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি ও ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, মাদ্রাসা পরিচালনায় কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়। দেওভোগ মাদ্রাসাকে তার ঐতিহ্য ধরে রাখতে হলে সব পক্ষের মতামতের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।
খুতবায় আল্লামা আব্দুল আউয়াল বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, শিবির, জমিয়ত, খেলাফত বুঝি না। কোনো তন্ত্র মন্ত্র মাদ্রাসায় থাকতে পারবে না। দেওভোগ মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে কথা বলার অধিকার নারায়ণগঞ্জবাসী সবার রয়েছে।”
তিনি বলেন, “আমাদের যদি না ডাকা হয়, তাহলে আমরা আমাদের অধিকার আদায়ে কথা বলতে বাধ্য হবো। সমস্যা কোথায়, কার সমস্যা, কাদের সমস্যা হচ্ছে তা সবাইকে জানাতে হবে। কমিটির সিদ্ধান্ত অহীর মাধ্যমে হয়নি, বরং পরামর্শের ভিত্তিতেই হয়েছে। তাই মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নারায়ণগঞ্জবাসীরও মতামত দেওয়ার অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জবাসী জানতে চায় আপনারা কী করতে চান। পুতুলের মতো পরিচালিত না হয়ে বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ও সৎ মানুষদের নিয়ে বসে সিদ্ধান্ত নিন। কোনো প্রভাবের কারণে যদি মাদ্রাসার পরিবেশ নষ্ট হয়, তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। দলীয় প্রভাবের কারণে অনেক সময় মাদ্রাসাগুলো ক্ষতিগ্রস্ত হয়।”
দলীয় প্রভাবমুক্ত মাদ্রাসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলীয় প্রভাব দিয়ে কখনো মাদ্রাসা পরিচালনা করতে যাবেন না। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য অনেক সময় ছাত্রদের ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। তথাকথিত রাজনৈতিক দলের সঙ্গে মাদ্রাসার ছাত্র ও উস্তাদদের সম্পৃক্ত থাকা উচিত নয়।”
খুতবার শেষাংশে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেওভোগ মাদ্রাসার স্বার্থে সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে আলাপ আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলেই প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।

