খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে এবিএম সিরাজুল মামুনের ঘোষণা, ভোলাইল ঈদগাহ ময়দানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ কাশীপুর গড়ার প্রত্যয়” স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে অনুষ্ঠিত হয়েছে খেলাফত মজলিসের বিশাল কর্মী সম্মেলন। সম্মেলনে আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুফতি শেখ শাব্বীর আহমাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় কাশীপুরের ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত “কর্মী সম্মেলন ২০২৬”-এ এ ঘোষণা দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
সম্মেলনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আসিফ ইকবাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ সাধারণ সম্পাদক এবং কাশীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি শেখ শাব্বীর আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবু বকর সিদ্দিক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিস ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম এবং ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কাশীপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমুক্ত একটি নিরাপদ ও আদর্শ ইউনিয়নে পরিণত করতে হলে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্মেলনের প্রধান অতিথি এবিএম সিরাজুল মামুন তার বক্তব্যে আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মুফতি শেখ শাব্বীর আহমাদের নাম ঘোষণা করেন। এ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
সম্মেলনে কাশীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, কাশীপুরে আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা পৌঁছে দিতেই এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

