নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বড় চেঙ্গাইন এলাকায় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব ১১।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব ১১ সূত্রে জানা যায়, সিপিএসসি এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক (বিসিজিএম) বলেন, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে র্যাব সবসময় অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ১১ সবসময় জনগণের পাশে রয়েছে।

