নারায়ণগঞ্জের সাইনবোর্ডে জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রতিনিধি দল
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাইনবোর্ডে জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। আহতদের সার্বিক খোঁজখবর নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে যান সংগঠনটির কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ মহানগরীর একটি প্রতিনিধি দল।
কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হবীবুল্লাহ মিসবাহর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁদের চিকিৎসার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবরার, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা রনি, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ বিন মুজিবসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে হবীবুল্লাহ মিসবাহ আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসার পাশে দাঁড়াতে দেশবাসী, আলেম-উলামা, দ্বীনদরদি ব্যক্তি ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করছি। এই কঠিন সময়ে মাদরাসা ও আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
এ সময় আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া করা হয়।

