জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জে বড় পর্দায় উপভোগের ব্যবস্থা করা হয়।
এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ নারায়ণগঞ্জ জেলা তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং জেলার একজন শিক্ষার্থী শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক জনাব অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আলীনূর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার ৫১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে ন্যূনতম ৩টি করে বৃক্ষরোপণ করা হয়।

